মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৪ জনের মৃত্যু
মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং টাউনশিপে একটি বৌদ্ধ মঠে সামরিক জান্তার বিমান হামলায় তিন নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।
শুক্রবার (২১ আগস্ট) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে সোয়েল লে ওহ গ্রামে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই মঠে সপ্তাহব্যাপী একটি ধ্যান কর্মসূচি চলছিল। এতে বৌদ্ধ ভিক্ষুদের পাশাপাশি স্থানীয় অনেক মানুষও অংশ নিয়েছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের একটি অংশ মঠের কাছের একটি বাড়িতেও অবস্থান করছিলেন।
সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপের (সিডিএসওএম) মুখপাত্র নওয়ে উ জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামের মঠে বিমান হামলা চালানো হয়।
তার ভাষ্য অনুযায়ী, একটি যুদ্ধবিমান থেকে মঠের প্রাঙ্গণ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ ১৪ জন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ১৫ মিনিটের ব্যবধানে বিমান থেকে দুটি বোমা ফেলা হয়। দ্বিতীয় বোমাটি মঠের আশপাশের একটি বাড়িতে আঘাত হানে। এতে বাড়িটিরও ক্ষয়ক্ষতি হয়।
হামলার পর আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ এলাকা ছেড়ে কাছের একটি গ্রামে গিয়ে আশ্রয় নেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মঠটিতে সপ্তাহব্যাপী ধ্যান কর্মসূচিতে অংশ নিতে বৌদ্ধ ভিক্ষু ও অন্যরা অবস্থান করছিলেন। স্থানীয়দের অভিযোগ, তাদের অবস্থানকেই লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সংঘাত ও সহিংসতা অব্যাহত রয়েছে। দেশটির সাগাইং অঞ্চল জান্তাবিরোধী প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় সেখানে সামরিক বাহিনীর বিমান হামলা ও ড্রোন হামলার ঘটনা নিয়মিত ঘটছে।
এ হামলার বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Comments