বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে ইরান-ইরাককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মধ্যপ্রাচ্যে বাইরের শক্তির হস্তক্ষেপ এবং অঞ্চলকে বিভক্ত করার প্রচেষ্টা মোকাবিলায় ইরান ও ইরাককে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
ইরাকের কারবালা শহরে আরবাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তার বক্তব্যের বরাত দিয়ে 'মিডল ইস্ট আই' এ তথ্য জানিয়েছে।
গালিবাফ বলেন, ইরান ও ইরানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, ভৌগোলিক নৈকট্য এবং অভিন্ন ধর্মীয় বিশ্বাস রয়েছে। এসব কারণে দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছে।
ইরানের এই শীর্ষ রাজনীতিকের দাবি, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে ইরান ও ইরাক কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করতে চায় না। পশ্চিমা দেশগুলো যেন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে না পারে, সে বিষয়ে দুই দেশকে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টা উল্টো ইরান ও ইরাকের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে।
গালিবাফ দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অর্থনীতি ও উন্নয়ন খাতেও যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। তার মতে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে বাইরের শক্তির প্রভাব কমাতে ইরান ও ইরাকের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অভিন্ন স্বার্থকে সামনে রেখে যৌথ প্রকল্প বাস্তবায়ন করলে দুই দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতাও জোরদার হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
Comments