টানা ৯ দিন বিদ্যুৎহীন ইন্ডিয়ানা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
প্রবল ঝড়ের পর টানা নয় দিন ধরে বিদ্যুৎবিহীন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হাজার হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কোথাও খাবারের সংকট তৈরি হয়েছে, বন্ধ রয়েছে স্কুল। এমনকি মোবাইল ফোন চার্জ দেওয়ার মতো মৌলিক সুবিধাও পাচ্ছেন না অনেক মানুষ।
গত ১১ আগস্টের শক্তিশালী ঝড়ে ইন্ডিয়ানার বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি গ্যারি শহর। সেখানে এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে খাবার, ওয়াই-ফাই এবং কাপড় ধোয়ার জন্য চালু থাকা লন্ড্রোম্যাটসহ জরুরি সেবার খোঁজ করছেন। বিদ্যুৎ না থাকায় অনেক পরিবারকে ঘরে থাকা বিপুল পরিমাণ খাবার ফেলে দিতে হয়েছে।
নর্দার্ন ইন্ডিয়ানা পাবলিক সার্ভিস কোম্পানি (NIPSCO) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ৬৮ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগের বাইরে ছিলেন। তাদের বড় অংশই ইলিনয় সীমান্তবর্তী লেক কাউন্টির বাসিন্দা। ঝড়ের পর থেকে প্রতিষ্ঠানটি ৩ লাখের বেশি গ্রাহকের সংযোগ পুনঃস্থাপন করলেও গ্যারিসহ কিছু এলাকায় মঙ্গলবারের আগে বিদ্যুৎ ফেরার সম্ভাবনা নেই।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইন্ডিয়ানাপোলিসের কমিউনিটি রেজিলিয়েন্স গবেষক কোর্টনি পেজ-ট্যান বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় যত বাড়ে, মানুষের স্বাস্থ্যঝুঁকিও তত বাড়তে থাকে। জেনারেটর ব্যবহারের সময় পর্যাপ্ত বাতাস চলাচল না করলে কার্বন মনোক্সাইডে বিষক্রিয়ার আশঙ্কা থাকে।
ঝড়ের পর গ্যারিতে নিজের সেলুনও খুলতে পারেননি স্থানীয় হেয়ার স্টাইলিস্ট শাতিয়া হার্ডিন। তার মতে, নিম্নআয়ের এলাকার মানুষ প্রথমদিকে পরিস্থিতিকে স্বাভাবিক দুর্ভোগ হিসেবেই নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় সপ্তাহেও বিদ্যুৎ না ফেরায় মানুষের ধৈর্য ফুরিয়ে আসছে।
ইস্ট শিকাগোর কিছু এলাকায় এক সপ্তাহের বেশি সময় পর বিদ্যুৎ ফিরলেও পরে আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় একটি ফেসবুক পেজের প্রশাসক কেভিন মেহিয়া জানান, খাবারের জন্য সহায়তা চেয়ে প্রতিটি পোস্টে শত শত মানুষ যোগাযোগ করছেন। বিদ্যুৎ না থাকায় অনেক পরিবারকে কয়েকশ ডলারের বাজার করা খাবার নষ্ট করতে হয়েছে। বয়স্কদের অনেকেই কোথায় সাহায্য চাইবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।
বিদ্যুৎ বিপর্যয়ে স্কুল বন্ধ
ঝড়ের কারণে উত্তর-পশ্চিম ইন্ডিয়ানার শিক্ষাব্যবস্থাও বড় ধরনের সমস্যায় পড়েছে। গ্যারি স্কুল ডিস্ট্রিক্টে প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী রয়েছে। আগস্টের শুরুতে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও ১৩ আগস্ট থেকে স্কুল বন্ধ রয়েছে। অন্তত শুক্রবার পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওহাইওতে নতুন বিপর্যয়
ইন্ডিয়ানার বিদ্যুৎ সংকটের মধ্যেই পাশের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মাত্র ১২ ঘণ্টায় শহরটিতে ৩ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে।
বন্যার পানিতে একটি খালে আটকে পড়া দুই নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া প্রবল স্রোতে সেতু থেকে ভেসে যাওয়া ১২ বছর বয়সী এক সাইকেল আরোহীকেও উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহের ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন বৃষ্টিতে কলম্বাসের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। শহরের মেয়র অ্যান্ড্রু গিন্থার জানিয়েছেন, নতুন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
Comments