প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে প্রকাশ করা একটি বিজ্ঞপ্তি অল্প সময়ের মধ্যেই প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিজ্ঞপ্তিটি প্রকাশের পর প্রায় এক ঘণ্টার মধ্যে তা সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বিশেষ অতিথির আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২২ আগস্ট শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নির্ধারিত সাপ্তাহিক 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়।
তবে তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে তখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এ কারণে কিছুক্ষণ পর বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন।
পরে বিকেল ৩টার দিকে নতুন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্ট প্রকাশিত 'এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না' শিরোনামের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
ভারতে বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের রাষ্ট্রীয় সফর উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে সামরিক কুচকাওয়াজ, গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সাধারণত রাষ্ট্রীয় অভ্যর্থনার মূল আয়োজনের আগে সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতার পূর্ণাঙ্গ মহড়াও অনুষ্ঠিত হয়। সফররত রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ আয়োজনের রীতিও রয়েছে।
তবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Comments