তিন সংস্থা একীভূত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ইনভেস্ট বাংলাদেশ’
দেশে বিনিয়োগ কার্যক্রম আরও সমন্বিত ও সহজ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংস্থা 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ'। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন এ প্রতিষ্ঠান গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকার 'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন কার্যকরের মাধ্যমে বিলুপ্ত হয়েছে বিডা, বেজা ও পিপিপিএ। একই সঙ্গে তিন প্রতিষ্ঠানের কার্যক্রম নতুন 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ'-এর অধীনে চলে এসেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর ধারা ১-এর উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার থেকেই আইনটি কার্যকর করা হয়েছে।
আইন কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট কার্যক্রম এখন থেকে 'ইনভেস্ট বাংলাদেশ' নামেই পরিচালিত হবে। নতুন সংস্থার পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
আইন অনুযায়ী, 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ' একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এর প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। সরকারের অনুমোদন সাপেক্ষে দেশের বিভিন্ন এলাকায় শাখা এবং বিদেশে লিয়াজোঁ অফিস খোলার সুযোগ রাখা হয়েছে।
কর্তৃপক্ষ পরিচালনায় চেয়ারম্যানসহ সাত সদস্যের একটি বোর্ড থাকবে। চেয়ারম্যান একই সঙ্গে সংস্থাটির প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করবেন।
নতুন সংস্থার মূল কাজগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগের সম্ভাবনাময় খাত চিহ্নিত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা।
এ ছাড়া বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা আরও সহজ করা এবং দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে থাকবে।
একীভূত হওয়ার ফলে বিডা, বেজা ও পিপিপিএর সম্পদ, নথিপত্র, চুক্তি, দায়-দেনা ও অন্যান্য বিষয় নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি তিন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নতুন সংস্থার অধীনে দায়িত্ব পালন করবেন।
সরকারের আশা, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম একীভূত হওয়ায় বিনিয়োগসংক্রান্ত সেবায় সমন্বয় আরও বাড়বে। একই সঙ্গে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ, কার্যকর ও বিনিয়োগবান্ধব হবে।
Comments