জ্বালানিসংকট কাটাতে অন্তত দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
দেশের চলমান জ্বালানিসংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জ্বালানি খাতে ভালো বা অনেকটা ভালো অবস্থায় ফিরতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, জ্বালানিসংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল পেতে সময় প্রয়োজন। 'রাতারাতি সব করে ফেলব—এমনটা আমরা বলছি না। অন্তত দুই বছর লাগবে জ্বালানির ক্ষেত্রে ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে।'
জ্বালানিসংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের মানুষ বর্তমানে যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত সমস্যার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। এ জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয়।
সাম্প্রতিক দুর্ঘটনার কারণে পরিস্থিতি আরও প্রকট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনায় বন্ধ হয়ে যাওয়া দুটি প্ল্যান্ট চালু হলেও গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহে প্রায় ১০০ কোটি ঘনফুট ঘাটতি থেকে যাবে। এই ঘাটতি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে।
জ্বালানিসংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, গ্যাসিফিকেশন প্ল্যান্টে দুর্ঘটনার পর দ্রুত একটি প্ল্যান্টের অর্ডার দেওয়া হয়েছে। ব্যাকআপ হিসেবে আরও দুটি প্ল্যান্ট আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব ব্যবস্থা বাস্তবায়নেও সময় লাগবে।
তিনি বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এলএনজি কেনার চেষ্টা চলছে এবং স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে।
সরকারের জরিপে দেশের স্থলভাগে ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দুটি নতুন রিগ কেনা হয়েছে এবং বিদ্যমান রিগগুলোও সক্রিয় রাখার চেষ্টা চলছে। কয়লা নিয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, বর্তমানে এলএনজির বাজার অত্যন্ত অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে হরমুজ ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে সংকট তৈরি হতে পারে।
এ অবস্থায় দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সরকারি প্রতিটি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান জাহেদ উর রহমান। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে—এটাই স্বাভাবিক। তবে অপ্রয়োজনীয় বা অযৌক্তিক কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে জনগণ তা প্রত্যাখ্যান করতে পারে।
তিনি বলেন, আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরার জন্য সংসদই বিরোধী দলের সবচেয়ে ভালো জায়গা। সেখানে যুক্তি দিয়ে সরকারের ভুল তুলে ধরার পাশাপাশি বিশ্বাসযোগ্য পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ উপস্থিত ছিলেন।
Comments