সরকারি চাকরি শুধু পেশা নয়, জনগণের সেবার সুযোগ: আইনমন্ত্রী
সরকারি চাকরি শুধু একটি পেশা নয়, বরং জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একজন কর্মকর্তা কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর অবদান গুরুত্বপূর্ণ।
মো. আসাদুজ্জামান বলেন, একটি মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলেই একটি মন্ত্রণালয় সফলভাবে পরিচালনা করা সম্ভব।
তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর অবদান রয়েছে। এমনকি একজন কর্মচারী যিনি মন্ত্রীর জন্য চা পরিবেশন করেন বা দরজা খুলে দেন, তিনিও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করলে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে অবদান রাখেন। তাই প্রত্যেকের অবদানের যথাযথ স্বীকৃতি থাকা প্রয়োজন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইনমন্ত্রী বলেন, পদোন্নতি যেমন আনন্দ ও গৌরবের বিষয়, তেমনি এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়।
নতুন পদে কর্মকর্তাদের আরও বেশি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের কর্মনিষ্ঠা ও অবদানের জন্য ধন্যবাদ জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, এসব কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments