লংমার্চ নিয়ে জামায়াতের বৈঠক, কর্মসূচি সফল করার আহ্বান
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 'লংমার্চ' বাস্তবায়ন কমিটির এক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সভায় জানানো হয়, গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী চারটি লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখী লংমার্চ সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে অনুষ্ঠিত হবে। চারটি লংমার্চ শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।
সভায় লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাকর্মী, জনশক্তি ও দেশবাসীর প্রতি কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা'ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরীর দুই শাখার নেতারা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সভায় অংশ নেন।
Comments