রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে নগরবাসী
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল। সকাল থেকেই নগরের আগ্রাবাদ, সিডিএ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।
ভারী বৃষ্টির কারণে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজটের সৃষ্টি হয়েছে। নগরের বিভিন্ন সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। অনেক এলাকায় পথচারীদেরও পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিনি বলেন, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।
এদিকে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় নগরের বিভিন্ন এলাকায় যানজটও দেখা দিয়েছে।
আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার এলাকার বাসিন্দা সুজন মল্লিক বলেন, 'রাত থেকে বৃষ্টিতে রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।'
জলাবদ্ধতার কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
Comments