২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মৃত্যুই সন্দেহজনক হামে হয়েছে। এ সময়ে শনাক্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে ১৮৭ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। বাকি ৯৭২ জন সন্দেহজনক হামে আক্রান্ত।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৩০ জন।
এ সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
Comments