সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডে একটি জাহাজে কাজ করার সময় ট্যাঙ্ক থেকে গ্যাস লিকের ঘটনা ঘটে। সেফটি টিম প্রথমে গ্যাস নির্গমনের বিষয়টি শনাক্ত করে। পরে কয়েকজন সদস্য লিক পরীক্ষা করতে গেলে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক আহত হন।
ফেরদৌস ওয়াহিদ বলেন, আহত শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, দুর্ঘটনায় ১০ জন শ্রমিক আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। তবে এ পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছেন বলে জানান তিনি। অন্যদের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
গ্যাস লিকের কারণ এবং ইয়ার্ডের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
Comments