প্রধানমন্ত্রীর ভারত ও অন্যান্য সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারত সফর কিংবা অন্য কোনো দেশের সফর—কোনোটিই চূড়ান্ত নয়; আলোচনা সাপেক্ষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। ভারত বা জাপান—কোনো দেশের সফরেরই সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের উপযুক্ত সময়ে ও আলোচনার মাধ্যমেই সফরের বিষয়টি নির্ধারিত হবে।
দুই দেশের সরকারপ্রধানের মধ্যে সরাসরি কথা হলে ও দ্বিপক্ষীয় আলোচনা চললে বহু জটিল সমস্যার সমাধান সম্ভব বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, এ ক্ষেত্রে ভারতের উচিত পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এই সুযোগটির সদ্ব্যবহার করা।
সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে সরকারি পর্যায়ে অত্যন্ত সফল বৈঠক হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া দেশটিতে রপ্তানি বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির একটি প্রকল্পও তিনি নিজে পরিদর্শন করেছেন বলে উল্লেখ করেন।
Comments