সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ
সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চালুর খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে সচিব কমিটি। অনুমোদনের জন্য খুব শীঘ্রই এটি মন্ত্রিসভায় তোলা হচ্ছে। প্রস্তাবনা অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে বলে জানা গেছে।
সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানো হচ্ছে না। উচ্চ গ্রেডের কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। খসড়া অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হবে এবং ধাপে ধাপে তা ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরোপুরি সম্পন্ন করার প্রস্তাব রয়েছে। তবে মন্ত্রিসভা পর্যালোচনার পর এই প্রস্তাব ছাঁটাই করতে পারে এবং বাস্তবায়নের ধাপ বা সময়সীমা চূড়ান্ত করবে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে সম্প্রতি এই প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়।
নবম পে-স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় বিচার বিভাগ সংক্রান্ত কিছু আইনি ও প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতা দ্রুত নিরসনের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। এই বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments