বাংলাদেশ-ভারত সম্পর্ক: মোদির দিকনির্দেশনা চাইলেন ত্রিবেদী
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনা চেয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তিনি।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে ভারতীয় হাইকমিশন জানায়, দুই দেশের মধ্যকার বহুমাত্রিক ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক জনমুখী দৃষ্টিভঙ্গি ও গঠনমূলক উপায়ে আরও এগিয়ে নিতে মোদির সুনির্দিষ্ট দিকনির্দেশনা চেয়েছেন হাইকমিশনার।
ঢাকায় ধারাবাহিক বৈঠক শেষ করে গত সোমবার নয়াদিল্লিতে যান দীনেশ ত্রিবেদী। তার এই সফরে প্রাধান্য পায় দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক। গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার প্রসঙ্গটি জোরালোভাবে উত্থাপন করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তাদের 'প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী' বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
এদিকে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গত ১১ আগস্ট নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
Comments