হরমুজ প্রণালি এখন মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রণালিটি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন খোলা রয়েছে। একই সঙ্গে তিনি জানান, প্রণালিতে নতুন করে মাইন পেতে রাখার ঘটনা ঘটছে। এসব মাইন শনাক্ত করে সরিয়ে দেওয়ার কাজ মার্কিন বাহিনী চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের কারণে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে নৌপথটিতে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানানো হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। প্রতিদিন এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টিও সামনে এনেছেন ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে—এমন বক্তব্যের পর তিনি ইরানের কাছ থেকেও অর্থ আদায়ের কথা বলেন। ইরানের হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
ফলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং নৌপথটি সম্পূর্ণভাবে চালু করার বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে।
সূত্র: সিএনবিসি ও আল-জাজিরা
Comments