কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প নিহত অন্তত ১১১
কলম্বিয়ায় গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে (মায়ামি সময় সকাল ৮টা ৩৪ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। এতে আরো কী কী ক্ষতি হয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। সেই সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
নিহতদের মধ্যে অনেকেই পেরেইরা শহরের বাসিন্দা বলে কারাকোল রেডিওকে জানিয়েছেন মেয়র মাউরিসিও সালাজার। পরিস্থিতিকে 'অত্যন্ত সংকটজনক' বলেও উল্লেখ করেন তিনি। বহু বাড়ি ধসে পড়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে অনেকেই।
ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এই কম্পনে দেশের একাধিক শহর কেঁপে ওঠে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে চকোর সান হোসে দেল পালমার এলাকায় এবং ভূগর্ভস্থ গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। বোগোটাতে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গে অনেক ভবনের বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসে। অনেক ভবনে ফাটল ধরেছে বলে জানা গেছে।
দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ কলম্বিয়া।
একাধিক টেকটোনিক প্লেটের সীমানা এবং প্রধান ফল্ট লাইনের কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিভিন্ন এলাকায় রাস্তায় ধুলার মেঘ দেখা যায়। আতঙ্কিত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যেতে দেখা গেছে। কোথাও কোথাও ভবনের ভেঙে পড়া অংশ ফুটপাতে ছড়িয়ে পড়তেও দেখা যায়।
সূত্র : সিএনএন, রয়টার্স
Comments