মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না: এনসিপির হুঁশিয়ারি
বিদ্যুৎ ও জ্বালানির মতো রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত জরুরি খাতকে কোনো অবস্থাতেই মাফিয়া বা লুটেরা ব্যবসায়ীদের মুনাফা লোটার হাতিয়ার হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১০ আগস্ট ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।
বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি বলেছে, 'মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত কিংবা জনগণের সম্পদ নিয়ে যেকোনো গোপন রফা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।' অবিলম্বে আত্মঘাতী বেসরকারীকরণ নীতি ও অপপ্রক্রিয়া বাতিল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে জ্বালানি খাতের পূর্ণ নিয়ন্ত্রণ ও পরিচালনা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়, ঋণ জালিয়াতি, ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত একটি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীকে জাতীয় পেট্রোলিয়াম বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণের চাবি তুলে দেওয়ার তোড়জোড় চলছে, যা রাষ্ট্র ও জনগণকে জিম্মি করার এক দেশবিরোধী অপচেষ্টা।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের কুইক রেন্টাল ও দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে ক্যপাসিটি চার্জের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটের পুরোনো মডেলটিই এখন আবার জ্বালানি খাতে চালুর চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়।
তাড়াহুড়ো করে নীতিমালা তৈরির প্রতিবাদ
মাত্র দুই দিনের সময় বেঁধে দিয়ে তদন্ত কমিটি গঠন, বিপিসির চেয়ারম্যানকে অপসারণ এবং মাত্র চার দিনে নীতিমালার খসড়া তৈরি করার তীব্র সমালোচনা করেছে এনসিপি। দলটির মতে, এটি কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং মাফিয়া ব্যবসায়ী তোষণের নগ্ন চক্রান্ত।
বিপিসি নিজস্ব শোধন, সংরক্ষণ ও বিপণন সক্ষমতা বৃদ্ধি না করে চরম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত গোষ্ঠীর হাতে বাজার নিয়ন্ত্রণের সুযোগ দেওয়াকে 'জাতীয় নিরাপত্তার সঙ্গে প্রত্যক্ষ বিশ্বাসঘাতকতা' বলে অভিহিত করেছে দলটি। এলপিজি খাতের মতো ডিজেল, পেট্রল ও অকটেনের মতো জরুরি জ্বালানির বাজারও সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে মাফিয়াদের কবল থেকে মুক্ত করে অবিলম্বে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এনসিপি। দলটির স্পষ্ট ঘোষণা—জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে মাফিয়া তোষণের এই চক্রান্ত অবিলম্বে বন্ধ না করা হলে, আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র গণ–আন্দোলন গড়ে তুলে তা প্রতিহত করা হবে।
Comments