বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: শামা ওবায়েদ
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে গেলেও পড়ালেখা শেষ করে তারা যেন নিজ দেশে ফিরে এসে অবদান রাখতে উৎসাহিত হন, সরকার বর্তমানে সেই উপযোগী ও অনুকূল পরিবেশ তৈরির কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে 'ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম 'আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জাতীয় বাজেটে শিক্ষা খাতের উন্নয়নে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। দেশের যুবসমাজের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি, প্রবাসী এবং স্থানীয় শ্রমিকদের আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।
উচ্চশিক্ষার নামে বিদেশে পাঠানোর নাম করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার বিষয়টিতে কঠোর বার্তা দেন শামা ওবায়েদ। তিনি বলেন, এডুকেশন কনসালটেন্সির আড়ালে কিছু অসাধু চক্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ধরনের দালাল ও প্রতারক চক্রকে কঠোরহাতে দমনে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এ ধরনের অনিয়ম ও অপরাধ রোধ করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিত করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
Comments