ফেসবুকের অ্যাডস ম্যানেজার যুক্ত হচ্ছে বিকাশ, বাংলাদেশি উদ্যোক্তাদের স্বস্তি
বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এসেছে মেটা (ফেসবুক)। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান 'বিকাশ'।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা কমবে। বিশেষ করে ছোট ও মাঝারি (এসএমই) উদ্যোক্তারা কোনো ধরনের জটিলতা ছাড়াই আরও সহজে তাদের ব্যবসার বিজ্ঞাপন পরিচালনা করতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের 'পেমেন্ট পদ্ধতি যোগ করুন' অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ যুক্ত করার সুবিধা দেখা যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন উদ্যোক্তা পরীক্ষামূলকভাবে এই ফিচারের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধও করেছেন।
উল্লেখ্য, এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে গিয়ে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা নানা ব্যাংকিং জটিলতার মুখে পড়তে হতো। বিশেষ করে নতুন ও ছোট উদ্যোক্তাদের জন্য এসব আন্তর্জাতিক পেমেন্টের শর্ত পূরণ করা বেশ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ছিল। বিকাশ যুক্ত হলে সেই জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে।
তবে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পরীক্ষামূলক এই পেমেন্ট সুবিধাটি কবে নাগাদ দেশের সব সাধারণ ব্যবহারকারী ও উদ্যোক্তার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
Comments