বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তার ও কর্মসূচি পালনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি গেট সংলগ্ন এলাকায় ইসলামী ছাত্রশিবিরের 'অদম্য জুলাই' কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে ক্যাম্পাসে ছাত্রশিবিরের নির্ধারিত 'অদম্য জুলাই' কর্মসূচি পালিত হচ্ছিল। এ সময় মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে শিবির। প্রথমে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে হাতাহাতি এবং একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, 'আওয়ামী লীগের প্রেতাত্মারা জুলাইয়ের এ ধরনের একটি কর্মসূচিতে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্র-জনতার শান্তিপূর্ণ এই কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।'
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত দাবি করেন, 'শিবিরের ওই কর্মসূচিতে বহিরাগতদের নিয়ে আসা হয়েছিল এবং তারা সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। আমাদের কর্মীরা এর প্রতিবাদ করলে শিবির আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। জুলাই আন্দোলনের পর শিক্ষাঙ্গনে এ ধরনের সংঘাত আমরা কখনোই প্রত্যাশা করি না।'
ঘটনার বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা বলে লাইন কেটে দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদও গণমাধ্যমের কল রিসিভ করেননি।
Comments