সবার হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবেন: রুমিন ফারহানা
প্রত্যেক মানুষের হাতেই এখন নিজস্ব গণমাধ্যম রয়েছে, তাই কেউ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতেই পারবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, 'গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চায়, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার আদালতের আদেশে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তবে এটাও গণতন্ত্র হতে পারে না।'
তিনি আরও বলেন, 'উনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। তাঁর পরিবার এবং তাঁর বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান রয়েছে। তাঁর পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল প্রধান দল। সবকিছু বিবেচনায়, তাঁর বয়সও হয়েছে; তিনি যদি বাংলাদেশে ফিরে না আসেন, তবে তাঁর দলের অবস্থা কী দাঁড়াবে কিংবা তাঁর এতদিনের রাজনৈতিক ইতিহাসেরই বা কী দাঁড়াবে—সবদিক বিবেচনায় আমার কমনসেন্স বলে, তিনি একসময় ফিরে আসবেন।'
গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত সংঘর্ষের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, 'এটি দেশের আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি, সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আবারও যে আমরা পুরোনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি, সেটিই স্পষ্ট করে।'
রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'বিএনপিকে তো মানতে হবে যে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে।'
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা জানানো হয়।
Comments