জবির ঘটনার জের: ৫ কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এই সংঘর্ষ আরও ৪ কলেজে ছরিয়ে পরে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পরবর্তীতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ঢাকা আলিয়া মাদ্রাসা:
রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ন্যাশনাল মেডিকেলের সামনে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ উপস্থিত থাকলেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের পর তা সংঘর্ষে রূপ নেয়।
বেরোবি:
জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চার নেতা-কর্মী আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ধাওয়া-পালটাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কাজ করলেও উত্তেজনা কমেনি।
প্রত্যক্ষদর্শী ও উভয় পক্ষের বক্তব্য অনুযায়ী, শিবিরের আয়োজিত 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক প্রদর্শনীতে 'জুডিশিয়াল কিলিং' শিরোনামে জামায়াতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এবং সাকা চৌধুরীর ছবি প্রদর্শন করা হচ্ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা এতে আপত্তি জানিয়ে ব্যানার সরাতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঢাকা কলেজ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার জের ধরে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরে এই মারামারিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পুলিশ জানিয়েছে, জবির একটি সেমিনারে হাতাহাতির ঘটনার উত্তেজনা ঢাকা কলেজে এসে দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের পর ছাত্রদল কর্মীরা মূল সড়কে অবস্থান নিয়ে মিছিল করেন এবং শিবির কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এছাড়া বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যদিও এতে কেউ হতাহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ন্যাশনাল মেডিকেল:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলের সামনে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সেখানে উভয় পক্ষের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা–কর্মীদেরও সেখানে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
Comments