৫ আগস্ট ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা জোরদার, ডিএমপি ও র্যাবের বিশেষ নিরাপত্তা
আগামীকাল ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে তিনস্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটিকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পিকেটিং ডিউটি বাড়ানো হয়েছে এবং সব প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভেন্যু ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং চালানো হবে। এছাড়া অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারির আওতায় আনা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে এবং ডিএমপির পাশাপাশি র্যাব ও সিআইডি যৌথভাবে মাঠে কাজ করবে।
অন্যদিকে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটিকে ঘিরে উগ্রবাদী গোষ্ঠী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় আগাম তথ্য সংগ্রহ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে অনুষ্ঠানস্থল, রোডমার্চের রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় বিশেষ টিম নিয়োজিত রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
Comments