জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ক্যাম্পাস থেকে হাসপাতাল চত্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পরবর্তীতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে হটিয়ে দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর রেশ ধরে দুপুর ২টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হন। অন্যদিকে হাসপাতালের মূল ফটকের বাইরে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শিবির নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন এবং দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। অনেকের হাতে দেশীয় অস্ত্রও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Comments