আনুষ্ঠানিকভাবে দেশের নাম বদলাল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু
বিদেশিদের উচ্চারণের ওপর নির্ভরতা কাটিয়ে নিজেদের ঐতিহ্যবাহী ও স্থানীয় নাম ফিরিয়ে আনল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু। এখন থেকে দেশটির নতুন নাম হবে 'নাওয়েরো প্রজাতন্ত্র'।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াংয়ের দেওয়া প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের পর এই পরিবর্তন কার্যকর হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম বদলের ফলে নাগরিকদের পরিচয় 'দিই—নাওয়েরো' হিসেবে পরিচিত হবে এবং দেশের জাতীয় উড়োজাহাজ ও জাহাজের নামেও পরিবর্তন আসবে। ইতিমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন দেশের সরকারি সংস্থায় নতুন নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র ১২ হাজার মানুষের এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার শাসন থেকে স্বাধীনতা লাভ করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই দেশটির এমন পদক্ষেপ ঔপনিবেশিক অতীত থেকে বেরিয়ে নিজস্ব সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার একটি বড় উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০১৮ সালে সোয়াজিল্যান্ড (এসওয়াতিনি) এবং ২০২২ সালে তুরস্কের (তুর্কিয়ে) নাম পরিবর্তনের পর এই তালিকায় সর্বশেষ সংযোজন হলো নাওয়েরো।
Comments