শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
ভারতের মাটিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার এ ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ও অবস্থান পরিষ্কার হওয়া অত্যন্ত প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় যে, আগামী ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা অনলাইনে (ভার্চুয়ালি) যুক্ত হবেন।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি মূলত দুই দেশের মধ্যকার মেরিটাইম নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সহযোগিতার অংশ।
Comments