৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আ. লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশে কোনো ধরনের নাশকতা বা বড় ধরনের অপতৎপরতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দলটির নেতারা বিদেশে বসে কেবল মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে মতিঝিল ও আশুলিয়ায় ব্যাগ বা বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এছাড়া দেশে যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতা ও নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক ও তৎপর রয়েছে বলে জানান তিনি।
সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই আদালত তাকে দেশত্যাগের নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছেন। ঠিক কী কারণে বা কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, তা জানতে এবং সেই জামিন আদেশ বাতিল করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল ফার্ম (আইনজীবী প্রতিষ্ঠান) নিয়োগ করা হয়েছে। এছাড়া বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সরকারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।
Comments