তারেক রহমানের ইশারায় সব চললে দুর্নীতি বন্ধ হয় না কেন: শফিকুর রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় দেশ চললেও কেন দুর্নীতি বন্ধ হচ্ছে না—এই প্রশ্ন তুলে ক্ষমতাসীন বিএনপির রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী মির্জা ফখরুলের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ৫ মাসের এই সরকারের আমলে দুর্নীতি বন্ধ না হয়ে বরং বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি না চাইলেও বাকি সবাই দুর্নীতিতে লিপ্ত—এমন দাবি তুলে তিনি প্রশ্ন রাখেন, "তাঁর ইশারায় সবকিছু চললে, তাঁর ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন?"
দুর্নীতির দায় সরকার নিজেই স্বীকার করার পর তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
পরিবহনশ্রমিকদের ওপর বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজির তীব্র সমালোচনা করে তিনি বলেন, টেম্পোস্ট্যান্ডে চাকরি দেওয়ার মতো এই ধরনের চাঁদাবাজির সংস্কৃতি জনগণ ঘৃণা করে।
গণভোটের রায় বাস্তবায়ন না করলে তা বরদাশত করা হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থান কারো একার নয় এবং শহীদ ও আহতদের দলীয় সম্পত্তি না ভেবে তাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান দেওয়ার জোরালো দাবি জানান তিনি।
সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদ সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।
Comments