তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
ঢাকায় পৌঁছেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক প্রতিক্রিয়ায় বলেন, 'আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারি, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।'
ঢাকা এসেই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দিন (শুক্রবার)নির্ধারিত সূচি অনুযায়ী তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করবেন। তৃতীয় দিন (শনিবার): ঢাকা ফিরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হবেন।এছাড়া সফরকালে তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা, কৌশলগত অংশীদারত্ব এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
Comments