হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই। ফলে পূর্বের আদেশ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই মার্চ' কর্মসূচি চলাকালে হবিগঞ্জে দলটির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। মূলত এনসিপি, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলোর পৃথক কর্মসূচি একই স্থানে থাকায় সংঘর্ষের আশঙ্কায় জনশৃঙ্খলা রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন থেকে এলাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।
Comments