হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই গণ–অভ্যুত্থানকালীন সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন পুলিশের আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের আবেদনে বলা হয়েছে, চাঞ্চল্যকর ওই ঘটনার সঙ্গে কলিমুল্লাহর সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যেহেতু তিনি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে আছেন, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
এর আগে গত বছরের (২০২৫ সাল) ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন। এদিকে গত সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের মামলায় তাঁর জামিননামা দাখিল করা হয়। এক লাখ টাকার মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্ত পূরণ হওয়ায় ওই মামলায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।
মামলার বিবরণে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি এলাকায় অবস্থান করছিলেন মুস্তাঈন বিল্লাহ সাব্বির। ওই সময় আসামিরা অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এতে সাব্বিরের বাঁ হাতের কনুইয়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। পরে এই ঘটনায় তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।
Comments