হবিগঞ্জে ১৪৪ ধারা : এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা
হবিগঞ্জ পৌর এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ও সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রশাসনের আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করে। একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা, পৌর বিএনপি ও জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে।
উভয় পক্ষের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ও বিরাজমান উত্তেজনার কারণে জনশান্তি বিঘ্নিত হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবিলায় জনস্বার্থে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়।
নিষেধাজ্ঞার আওতাধীন বিষয়সমূহ:
পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র সমাগম।
সব ধরনের জনসভা, মিছিল ও স্লোগান।
মাইকিং, পিকেটিং এবং যেকোনো যন্ত্রের সাহায্যে বিকট শব্দ সৃষ্টি।
আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো ধরনের কার্যক্রম।
এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা এই অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মী আহত হন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে আশ্রয় দেয়।
ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাতেই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়।
Comments