বাজারে পণ্যের আগাম সংকট দূর করতে আসছে এআই প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
বাজারের সংবেদনশীল পণ্যের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল এবং অস্থিতিশীলতা রোধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান সভায় সভাপতিত্ব করেন।
প্রস্তাবিত এই প্ল্যাটফর্মটি গত ১০ বছরের বাজার ডেটা, উৎপাদন, আমদানি-রপ্তানি এবং বৈশ্বিক বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করবে। কোনো পণ্যের উৎপাদন বা আমদানির উৎসে সমস্যা তৈরির আগেই সম্ভাব্য ঘাটতি ও সংকট চিহ্নিত করতে সহায়তা করবে।
আন্তঃমন্ত্রণালয় সভার দীর্ঘসূত্রিতা এড়িয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিখুঁত বিশ্লেষণ ও প্রতিবেদন পাওয়া সম্ভব হবে।
কোন সময়ে কোন দেশ থেকে পণ্য আমদানি করা সুবিধাজনক হবে এবং কোন বাজারে দাম তুলনামূলক ভালো থাকবে, তা নির্ধারণ করবে এই প্রযুক্তি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে মূল্যবৃদ্ধির প্রধান কারণ অনেক সময় সরবরাহ সংকট। ভর্তুকি দিয়ে দাম নিয়ন্ত্রণের চেয়ে সরবরাহ স্বাভাবিক রেখে বাজারে অস্থিতিশীলতা রোধ করাই সরকারের মূল লক্ষ্য।
ডাল ও পেঁয়াজের মতো কৃষিপণ্যের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন, মৌসুমি ঘাটতি এবং রপ্তানিকারক দেশগুলোর সক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিয়ে তিনি জানান, ফসল ঘরে ওঠার আগেই আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
এই উদ্যোগ কেবল বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কৃষি ও খাদ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে যুক্ত করে এটি পরিচালিত হবে। এআই ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে সরকারি তথ্যের পাশাপাশি আন্তর্জাতিক ওপেন সোর্স এবং সাবস্ক্রিপশনভিত্তিক ডেটা ব্যবহার করে একটি সমৃদ্ধ ডেটাবেজ গড়ে তোলা হবে।
Comments