শিক্ষার্থীদের কাছে কোনো খারাপ খাবার যাবে না: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মানে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট করে বলেছেন, 'শিক্ষার্থীদের কাছে কোনো খারাপ খাবার যাবে না।' খাবারের মানের বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দিয়ে তিনি জানান, কোথাও কোনো অনিয়ম বা অবহেলা দেখা গেলে সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করতে হবে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষায় অনেক ভালো কাজ হলেও তার পর্যাপ্ত প্রচার নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, উল্টো কিছু ক্ষেত্রে নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে। এই পরিস্থিতি বদলাতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে এবং স্থানীয় মানুষকে সব ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা প্রতিষ্ঠানের মানোন্নয়নে পরামর্শ দিতে পারেন, তাঁদের নিয়ে প্রতিটি স্কুলে একটি 'বন্ধু রেজিস্টার' রাখার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাথমিক শিক্ষা নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের সঠিক মর্যাদা দেওয়ার জন্য নীতিমালা হচ্ছে। শিক্ষকদের পে-স্কেল বা সম্মানীর উন্নয়নেও কাজ চলছে। তবে এর পাশাপাশি শিক্ষকদেরও নিজেদের দায়িত্ববোধ আরও বাড়াতে হবে।
হাওর এলাকার শিক্ষা নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান স্কুল ফিডিং প্রকল্পে পাইলটিং চলছে, যার মাধ্যমেই সুনামগঞ্জের প্রায় অর্ধেক স্কুলকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কীভাবে বাড়ানো যায় এবং অবকাঠামোগত উন্নয়ন কীভাবে করা যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম, ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক আবু আমিন, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জ পিটিআইয়ে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখেন এবং কোমলমতি শিশুদের সঙ্গে কথা বলে ছবি তোলেন। এরপর মতবিনিময় সভা শেষে তিনি জেলার তাহিরপুর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করেন।
Comments