সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনগণের দাবি ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এবং ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালীন সময়ের কার্যক্রম যাচাই-বাছাই করা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনমন্ত্রী জানান, সংবিধানের বিধান অনুসারেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এ বিষয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের সময়ের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে, যা বর্তমান সময়ের দুই থেকে তিন বছরের জাতীয় বাজেটের সমান।
উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের উদাহরণ দিয়ে তিনি জানান, খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা এবং পিরোজপুরে কাগজে-কলমে সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। একই সঙ্গে মিথ্যা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও উল্লেখ করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিচার বিভাগ ও প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
Comments