বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ রবিবার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ছেড়ে তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগিরই চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
পদত্যাগের একদিন পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। গুলশানে নিজ বাসভবনে ওঠার পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার অসুস্থ স্ত্রী রেবেকা সুলতানাকেও সঙ্গে নিয়ে যাবেন তিনি।
অসুস্থতাকে কারণ দেখিয়ে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। স্পিকার সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেন। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। নির্ধারিত পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
Comments