সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের সময় সাংবিধানিকভাবে ও বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার কাছ থেকে সহযোগিতা পেয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় সংবিধান অনুযায়ী তার প্রিভিলেজ ও ইমিউনিটি (আইনি সুরক্ষা) রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না।
বিধি অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সব সুযোগ পাবেন উল্লেখ করে তিনি জানান, প্রটেকশনের ছয় মাসের বিধান ছাড়াও পুলিশ এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রপতির পদত্যাগের পর জামায়াত-এনসিপি নেতাদের তোলা কিছু অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য নেই।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
Comments