আধুনিক সেনাবাহিনী গঠনে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬'-এর উদ্বোধনকালে প্রধান অতিথির নির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে সম্পূর্ণ মেধা, সততা, শৃঙ্খলা ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
জাতীয় নিরাপত্তা রক্ষা, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকার জন্য সেনাপ্রধানসহ সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
Comments