আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি
ভারতের বহুল আলোচিত নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা তীব্র ছাত্র আন্দোলনের ইতি টেনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সফল বৈঠকের পর সংগঠনটি আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন স্থগিতের এই ঘোষণা আসে।
যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিটকসহ সিজেপির উত্থাপিত সমস্ত শর্ত ও দাবি কেন্দ্র সরকার মেনে নিয়েছে। ঐতিহাসিক এই জয় অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি সারা দেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি অবিলম্বে ও শান্তিপূর্ণভাবে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের বিনীত অনুরোধ জানান।
সরকার কর্তৃক সমস্ত দাবি মেনে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে অবস্থানরত হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও জেন-জি আন্দোলনকারীরা মিষ্টি বিতরণ ও উল্লাসের মাধ্যমে এই সিদ্ধান্ত উদযাপন করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের টানটান উত্তেজনার পর অবশেষে রাজপথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা।
(সূত্র: দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি)
Comments