এটি প্রত্যক্ষ গণতন্ত্রের জয়: সোনম ওয়াংচুক
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের প্রখ্যাত পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে রাজপথ থেকে উঠে আসা 'প্রত্যক্ষ গণতন্ত্রের জয়' বলে অভিহিত করেছেন।
শনিবার (২৫ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি এটিকে শান্তি, ধৈর্য ও দীর্ঘ অধ্যবসায়ের বিজয় বলেও উল্লেখ করেন।
সোনম ওয়াংচুক ককরোচ জনতা পার্টি (সিজেপি), দেশের জেন-জি প্রজন্ম এবং প্রতিটি নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই বিজয় তাদের, যারা সমস্ত ভয়কে দূরে ঠেলে দেশের কোণায় কোণায় রুখে দাঁড়িয়েছিল। পোস্টের শেষাংশে তিনি স্পষ্ট করে বলেন, মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে এখন মূলত জবাবদিহিতা নিশ্চিত করে রাষ্ট্রীয় ও শিক্ষাগত কাঠামোর প্রকৃত সংস্কারের পালা শুরু হলো।
উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও আন্দোলনের মুখে শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
Comments