রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নতুন প্রধান অ্যান্ডি বার্নহাম। এর মাধ্যমে গত চার বছরেরও কম সময়ে চতুর্থ এবং বিগত এক দশকে ষষ্ঠ ব্যক্তি হিসেবে ব্রিটেনের সরকারপ্রধানের মসনদে বসলেন তিনি।
গত শুক্রবার (১৭ জুলাই) লেবার পার্টির প্রধান নির্বাচিত হন অ্যান্ডি বার্নহাম। এর পরপরই বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এরপর নিয়ম অনুযায়ী বার্নহামকে নতুন সরকার গঠনের আহ্বান জানান রাজা এবং তিনি তা গ্রহণ করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ব্যাটন নিজের হাতে তুলে নেন।
দায়িত্ব গ্রহণের পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে সংবাদমাধ্যমে ভাষণ দেওয়া ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করার কথা রয়েছে।
গ্রেটার ম্যানচেস্টরের সাবেক এই মেয়র মূলত এক মাস আগের একটি উপনির্বাচনের মাধ্যমে ফের ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাবর্তন করেন। কিয়ার স্টারমারকে সরিয়ে বার্নহামকে নেতৃত্বে নিয়ে আসতেই লেবার পার্টির অভ্যন্তরীণ অংশের উদ্যোগে ঐ উপনির্বাচন আয়োজন করা হয়েছিল। সম্প্রতি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বারবার নীতিগত পরিবর্তনের কারণে নিজের দল ও মন্ত্রিসভারই আস্থা হারিয়েছিলেন কিয়ার স্টারমার, যার জের ধরে তাঁকে পদত্যাগের পথ বেছে নিতে হয়।
বার্নহামের বিপরীতে লেবার পার্টিতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা বাধায় দলের প্রধান হন এবং একই সাথে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। তবে এর ফলে খুব বেশি রাজনৈতিক প্রতিযোগিতা ছাড়াই এই বড় রদবদলটি সম্পন্ন হলো—যা ২০২২ সালে ঋষি সুনাকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হওয়ার ঘটনাকে মনে করিয়ে দেয়।
অ্যান্ডি বার্নহাম এর আগে সংসদ সদস্য ও মন্ত্রিসভায় দায়িত্ব সামলালেও ২০১৭ সালে জাতীয় রাজনীতি ছেড়ে গ্রেটার ম্যানচেস্টরের মেয়র হিসেবে কাজ শুরু করেছিলেন। দীর্ঘ সময় পর পার্লামেন্টে ফিরেই এক লাফে যুক্তরাজ্যের শীর্ষ পদে আসীন হলেন এই রাজনীতিক।
Comments