সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত হয়ে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস' উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দীর্ঘ ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে হবে।' একই সঙ্গে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। এ সময় দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার, কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়া এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Comments