আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ নতুন একটি ঋণ কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বর্তমানে এই ঋণের রূপরেখা ও প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণের কাজ চলছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে ঢাকায় সফররত আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফের পক্ষ থেকে ধাপে ধাপে কিছু অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ বিবেচনায় রেখেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা থাকে, আইএমএফের প্রতিনিধি দল সেটিকে ইতিবাচকভাবে সম্মান জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে দেশের অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী জানান:দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি (Tax-to-GDP) অনুপাত বৃদ্ধিসহ কয়েকটি সূচকে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ।
তবে সামষ্টিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এসব খাতে ধারাবাহিক উন্নতির ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটি।
নতুন এই ঋণ কর্মসূচির চূড়ান্ত রূপরেখা নিয়ে আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় পরবর্তী আলোচনা হবে। অর্থমন্ত্রী নিজেই সেই সভায় অংশ নিয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত ডায়ালগ সম্পন্ন করবেন বলে নিশ্চিত করেছেন।
Comments