শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, দেশে ফিরলে জেলেই যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি যদি দেশে ফিরে আত্মসমর্পণ করেন, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে সরাসরি জেলেই যেতে হবে।
সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক নানা বক্তব্য ও বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামা ওবায়েদ বলেন, "আমি আগেও স্পষ্ট করে বলেছি—একজন সাজাপ্রাপ্ত আসামি কী বক্তব্য দিচ্ছেন, তা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কোনো প্রয়োজন বা বাধ্যবাধকতা নেই। তিনি দেশের আইনে একজন দণ্ডিত আসামি।"
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন,আইন সবার জন্যই সমান। যেকোনো অপরাধী বা আসামি যদি আত্মসমর্পণ করেন, তবে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা যা আইনি প্রক্রিয়া রয়েছে, ঠিক সেটাই অনুসরণ করা হবে। তিনি যেভাবেই হোক বা যার কাছেই হোক, বাংলাদেশে এসে আত্মসমর্পণ করলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দিল্লির সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক আলোচনা ও নিয়মিত ডায়ালগে এই বিষয়টি সবসময়ই গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত থাকে। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ ও আলোচনা চলমান রয়েছে।
Comments