আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
আগামী অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী বছরের (২০২৭) অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে।
ব্রিফিংয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও সমসাময়িক নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আগামী ৫ আগস্টের আগেই 'জুলাই জাদুঘর' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের অবদান স্মরণ করে তিনি বলেন, 'এই সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফসল। কাজেই জুলাই যোদ্ধাদের নিয়ে যেকোনো ধরনের কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।' জুলাই বিপ্লব নিয়ে আপত্তিকর মন্তব্যকে মর্মান্তিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, বিদ্যমান আইনি কাঠামোতে এটি সরাসরি অপরাধ না হলেও, এটিকে 'ফৌজদারি অপরাধ' বা ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা যায় কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন ডা. জাহেদ।
জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, গত জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে জনস্বাস্থ্য সুরক্ষায় অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, চাষাবাদ ও সংরক্ষণ পর্যায়ে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে দেশের খাদ্য ব্যবসায়ীদের নিয়ে একটি কেন্দ্রীয় ডেটাবেজ বা তথ্যভাণ্ডার তৈরি করা হবে। ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি জানান, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বেশি মজুত রয়েছে।
Comments