জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের পঞ্চম 'ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট' (ইউএন-কপস ২০২৬)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থানীয় সময় রোববার (৫ জুলাই) তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কে পৌঁছান।
দুই দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৭ ও ৮ জুলাই দুই দিনব্যাপী এই 'ইউএন-কপস' সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অধিবেশনসহ সম্মেলনের মূল প্লেনারি সেশনগুলোতে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এবারের সম্মেলনে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তিনটি প্রধান বিষয়: ১. জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা ২. জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার ৩. আন্তঃদেশীয় চ্যালেঞ্জ ও অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
এছাড়া সম্মেলনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায়ের বিশেষ নৈশভোজেও অংশ নেবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বশান্তি ও নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে জাতিসংঘের তিন আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে (অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল), জঁ-পিয়েরে লাক্রোয়া (পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল), রোজমেরি এ. ডিকার্লোর (পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল) সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।
Comments