রাজনীতিবিদদের ভুল ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের দায়িত্ব- মির্জা ফখরুল
রাজনীতিবিদরা কেউ সমালোচনার ঊর্ধ্বে নন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে তাঁদের ভুল-ত্রুটি হতেই পারে— এমন মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই ভুলগুলো গণমাধ্যমে সাহসের সাথে তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি সাংবাদিকদের সবসময় 'সাদাকে সাদা' এবং 'কালোকে কালো' বলার আহ্বান জানান।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাষ্ট্রের আন্তঃসম্পর্ক তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "যে দেশের গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী, সে দেশের গণতন্ত্রের ভিত তত বেশি মজবুত। জনগণের কাছে রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সত্য সংবাদ প্রকাশের জেরে এখনও অনেক সময় সাংবাদিকদের ওপর হামলা ও আইনি হয়রানির ঘটনা ঘটে, যা কোনোভাবেই কাম্য নয়।"
সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, "ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং কাজের মূল্যায়ন করতে হবে। সমাজ ও রাষ্ট্রে যারা ভালো কাজ করবেন, তাঁদের সাফল্য যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে; ঠিক তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে কলম ধরতে হবে।"
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলায় দুটি নতুন উপজেলা গঠনের আইনি অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমও শুরু হয়েছে।
তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, "শুধু নতুন ভবন বা অবকাঠামো নির্মাণ করলেই চলবে না; নতুন উপজেলা পরিচালনায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী— সবাইকে জনগণের প্রতি দায়বদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেন।
এছাড়াও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুল সংখ্যক সংবাদকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
Comments