সাগরে লঘুচাপ: মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সর্তক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে, যার কারণে উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের সই করা এক জরুরি সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকা উত্তাল বা বিক্ষুব্ধ থাকতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ না করার জন্য জেলেদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জলবায়ুগত প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তবে এই বৃষ্টিপাতের সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকার বাসিন্দাদের আবহাওয়া পরিবর্তনের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments