২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আগামী ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি দিক মূল্যায়নের জন্য স্বল্প সময়ের কারণে আগামী ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হচ্ছে না। পূর্ণাঙ্গ ও নিখুঁত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৮ সালকে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে এই নতুন শিক্ষাক্রমের খসড়া ও প্রণয়ন কাজ এগিয়ে নিতে একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন নতুন শিক্ষাক্রমের মূল দর্শন ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন,"মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা শিক্ষাক্রমকে এমন একটি আধুনিক কাঠামোতে রূপান্তর করছি, যেখানে কেবল পুঁথিগত বিদ্যা বা মুখস্থনির্ভর পড়াশোনা থাকবে না। এর পাশাপাশি সংস্কৃতি, সুকুমার কলা ও ক্রীড়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। আমরা সহশিক্ষা কার্যক্রমকে মূল শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত করতে চাই।"
উপদেষ্টা আরও উল্লেখ করেন, নতুন এই শিক্ষাব্যবস্থায় কারিগরি ও পেশাগত শিক্ষাকে বাধ্যতামূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী কর্মদক্ষতা অর্জন করতে পারে।
সংবাদ সম্মেলনের শেষ অংশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার আসন বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা ও সামগ্রিক পরিসংখ্যান গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন।
Comments