দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না: অর্থমন্ত্রী
একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর মালিকানায় সাবেক বা পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ বাতিল করছে সরকার। এ লক্ষ্যে 'ব্যাংক রেজোলিউশন আইন, ২০২৬'-এ যুক্ত করা বিতর্কিত ১৮(ক) ধারাটি বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।
বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, "বিভিন্ন অংশীজন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার এই ১৮(ক) ধারাটি সম্পূর্ণ বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে একীভূত হওয়া কোনো দুর্বল বা সংকটে পড়া ব্যাংকের পূর্বতন মালিকরা পুনরায় মালিকানায় ফিরে আসার আর কোনো সুযোগ পাবেন না।"
ব্যাংক খাতের শৃঙ্খলা ও আমানতকারীদের নিরাপত্তার বিষয়ে বর্তমান সরকারের কঠোর ও দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের বার্তা খুবই স্পষ্ট—যারা সাধারণ জনগণের আমানত ও রাষ্ট্রের সম্পদ লুট করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, ব্যাংকে রাখা সাধারণ মানুষের আমানতের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে সরকার সব ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে।"
Comments